
ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নতুন গভর্নর। একই সঙ্গে নতুন সরকারের ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে উদ্যোক্তা তৈরি ও রফতানি খাত চাঙা করতে ব্যাংকগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে এ নির্দেশনা দেন গভর্নর মোস্তাকুর রহমান।
তিনি বলেন, ২০২৪ সালের শুরুতে দেশে বেকারের সংখ্যা তুলনামূলক কম থাকলেও বছরের শেষদিকে তা বেড়ে যায়। জুলাইয়ের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে প্রায় দুই শতাধিক কারখানা বন্ধ হয়ে যায়। এর ফলে বিনিয়োগ হ্রাস পায় এবং উল্লেখযোগ্যসংখ্যক দক্ষ জনশক্তি কর্মহীন হয়ে পড়ে।
এই প্রেক্ষাপটে অর্থনৈতিক পুনরুদ্ধারে ব্যাংকিং খাতকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান গভর্নর। বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর সভাপতি ও বিভিন্ন ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।
গভর্নর আশ্বাস দেন, পাঁচটি ব্যাংকের একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসহ সামগ্রিক ব্যাংক সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সরকার ড. আহসান এইচ মনসুর-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি গভর্নর পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালীন সময়ে চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা তিনি বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন।