
বিশ্বকাপ শেষ হতেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেন লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবেস। তার অভিযোগ, বর্তমান ফিফা নেতৃত্ব ফুটবলের স্বার্থ নয়, নিজেদের বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচন ঠেকাতে বিভিন্ন দেশের লিগ কর্তাদের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
স্পেন বিশ্বকাপ জয়ের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ইতালীয় ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবেস ফিফার বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, ‘ফিফা নিজেদের জন্য সবকিছু করে, ফুটবলের জন্য তারা কিছু করে না। তাদের ২৭ মিনিটে বিরতি প্রয়োজন, তারা ঠিকই সেটা নিয়েছে। এই হাইড্রেশন বিরতি একটা প্রহসন। আমরাই প্রথম লা লিগাতে এ বিরতি চালু করেছিলাম, কিন্তু যখন প্রচণ্ড গরম ছিল, তখনই এ বিরতি দেওয়া হতো। কিন্তু ডালাস, আটলান্টা ও লস অ্যাঞ্জেলেসে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম হওয়া সত্ত্বেও তারা এ বিরতি দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই তিন স্টেডিয়ামে আমাকে সোয়েটার গায়ে দিতে হয়েছে। এটা প্রহসন। সম্পূর্ণ বাণিজ্যিক কারণে বিরতি। এরপর বালোগানের (যুক্তরাষ্ট্রের লাল কার্ডের শাস্তি স্থগিত হওয়া ফুটবলার) ঘটনা। এটা তো নজিরবিহীন। ফুটবলের নিয়মকানুন ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা এটি।’
ফিফার বর্তমান প্রশাসনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে তেবেস বলেন, ‘আমরা বিভিন্ন দেশের ঘরোয়া লিগের প্রধানরা বিশ্বাস করি, ফিফার বর্তমান কমিটি ফুটবলের ক্ষতি করছে। তারা কেবল নিজেদের স্বার্থ উদ্ধারে কাজ করছে। এসব বিতর্কিত কর্মকাণ্ড প্রতিরোধ করতেই হবে। না হলে এসব বাড়তেই থাকবে।’
আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফিফার সভাপতি নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে ইনফান্তিনোর বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ ফুটবলের এই শীর্ষ কর্মকর্তা।