
প্রতারণার মামলায় কারাগারে থাকা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিদিশাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম।
হাইকোর্টে জামিন
এর আগে গত রোববার বিদিশার জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
আদালতে বিদিশার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মাসুদ মিয়া।
আইনজীবী মাসুদ মিয়া বলেন, বিদিশার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা বিচারাধীন নেই। ফলে হাইকোর্টের জামিন আদেশ পাওয়ার পর তার কারাগার থেকে মুক্তি পেতে আইনগত কোনো বাধা ছিল না।
প্রতারণার মামলায় গত ২৬ আগস্ট বিদিশাকে কারাগারে পাঠানো হয়েছিল। এর আগে ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২০ মে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালত আদেশ দেন।
যেভাবে জারি হয় পরোয়ানা
রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত ছিলেন না বিদিশা সিদ্দিক। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
২০০৮ সালে মামলা করেন ব্যবসায়ী
বিদিশার বিরুদ্ধে করা প্রতারণার মামলাটি ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি দায়ের করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী ঢাকার মিরপুর-১০ এলাকার স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী।