
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এর স্বাধীনতার মাত্রা অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগের এই নিরপেক্ষতা ও স্বাধীনতার সবচেয়ে বড় প্রমাণ হলো—আদালতে অনেক মামলায় রাষ্ট্রপক্ষের হেরে যাওয়া। বিচার বিভাগ স্বাধীন না হলে রাষ্ট্রপক্ষ এভাবে হারত না।
মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। একই সাথে তিনি স্থানীয় আলোচিত রামিসা হত্যার ঘটনায় শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও বিচার বিভাগকে কড়া নির্দেশনা দেন।
দেশে বিচারাধীন মামলার পাহাড় জমছে কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বর্তমান বিচার ব্যবস্থার একটি বড় সংকট তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে সারা দেশে প্রায় ৪৫ লাখ মামলা ঝুলে রয়েছে।
মামলার এই দীর্ঘসূত্রতার পেছনে মূল কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, “আমাদের দেশে মামলার সংখ্যার তুলনায় জজ (বিচারক) এবং আইনজীবীর সংখ্যা অনেক কম। এই তীব্র জনবল সংকটের কারণেই মূলত মামলা নিষ্পত্তিতে সময় বেশি লাগছে। তবে বর্তমান সরকার এই সংকট দ্রুত দূর করতে এবং বিচারক নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে আরও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
এলাকার চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিষয়ে মন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, এই মামলায় যেন কোনোভাবেই প্রকৃত বিচার ব্যাহত না হয়। অপরাধী যেই হোক, শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও বিচার বিভাগকে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
হাসপাতাল পরিদর্শন এবং সাংবাদিকদের সাথে এই মতবিনিময়কালে আইনমন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।