
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না। এমনকি তাঁর মরদেহ দেশে এনে দাফন করার সাহসও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেই বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খাঁন।
‘আওয়ামী লীগের মোকাবিলায় ছাত্রদলই যথেষ্ট’
আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দলটি বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। তাঁর দাবি, আওয়ামী লীগ ছিল ভারতের আওয়ামী লীগেরই একটি সম্প্রসারিত অংশ। সেই অংশের অধিকাংশই দেশ ছেড়ে চলে গেলেও কিছু সহযোগী এখনো হম্বিতম্বি করছে। তাদের মোকাবিলায় ছাত্রদলই যথেষ্ট, অন্য কোনো সহযোগী সংগঠনের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ভারতের পক্ষ থেকে কোনো চাপ রয়েছে কি না, এমন প্রশ্নে রাশেদ খাঁন বলেন, এ ধরনের চাপের বিষয়ে তাঁর জানা নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বা ভারতের কাছে মাথা নত করে বিএনপি দেশ পরিচালনা করবে না।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা একজন দখলদার ছিলেন। তাঁকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের প্রতি অন্যায় করেছে বলে তিনি মনে করেন। রাশেদ খাঁনের ভাষ্য, বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের, যারা ভারতে পালিয়ে রয়েছেন বলে তাঁর দাবি, বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করতে হবে। তা না হলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম।
আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপিকে ঘিরে অভিযোগ
আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ১৯৭১ সালে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তানি বাহিনী এ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। তাঁর অভিযোগ, একইভাবে ক্ষমতা হারানোর বিষয়টি নিশ্চিত বুঝে শেখ হাসিনা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।
তিনি বলেন, ২০২৪ সালের ৪ জুলাই মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রব্বিকে গুলি করে হত্যা করা হয়।
জামায়াতে ইসলামীর আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন অভিযোগ করেন, সরকার পতনের এক মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে জামায়াত মানবতাবিরোধী অপরাধ করেছে। তাঁর দাবি, জুলাই আন্দোলনের চেতনাকে ব্যবহার করে সংসদীয় আসন ভাগাভাগি করা হয়েছে।
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের সময়ে তারা সারা দেশে লুটপাট করেছে। আরও কিছুদিন সুযোগ পেলে তারা আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেত বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে এই গোষ্ঠী আবার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যাচ্ছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন।
নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাৎ
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মাগুরায় নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রব্বির কবর জিয়ারত করেন রাশেদ খাঁন। পরে তিনি রব্বির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় মাগুরা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।