
ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকার আশাবাড়িতে চোরাচালানকারীদের হামলায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) তিন সদস্য শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। হামলাকারীরা তাঁদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। এ সময় আহত বিএসএফ সদস্যদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাও চালানো হয়।
সোমবার (৩ নভেম্বর) সকালে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার সময় একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।
পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ধাওয়ার মুখে চোরাচালানকারীরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে হেফজুর রহমান নামে এক অভিযুক্ত চোরাচালানকারীকে আটক করতে সক্ষম হয় বিএসএফ।
আশাবাড়িতে বিএসএফ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মানিক সাহা লেখেন, ‘আশাবাড়িতে দুর্বৃত্তদের একটি দল দ্বারা আমাদের সাহসী বিএসএফ কর্মীদের ওপর নির্মম আক্রমণের আমি তীব্র নিন্দা জানাই। আমাদের নিরাপত্তা বাহিনীর ওপর এই ধরনের সহিংস কাজ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর দ্ব্যর্থহীন নিন্দা পাওয়ার যোগ্য। আমাদের নিরাপত্তা কর্মীদের ওপর যেকোনো আক্রমণ একটি অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয় এবং আইনের সঙ্গে সংগতি রেখে কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত।’
পোস্টে মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা কর্মীরা সর্বোচ্চ সম্মান ও সুরক্ষার দাবিদার।’