
ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে দেশটির সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যেই ওই স্থাপনায় হামলা চালাতে পারে মার্কিন বাহিনী।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের হয়তো পিকঅ্যাক্সে হামলা চালাতে হতে পারে। আমরা চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যেই এটি করতে পারি। যেকোনো সময়, যখনই চাইব।’
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে গড়াতে পারে কি না, সাক্ষাৎকারে এমন প্রশ্নও করা হয় ট্রাম্পকে। জবাবে তিনি এ সম্ভাবনা নাকচ করেননি।
ট্রাম্প বলেন, ‘তারা যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে এমনটা ঘটতে পারে। তবে তারা খুব ভালোভাবেই একটি চুক্তি করতে চায়। আমাদের মধ্যে সমঝোতা হওয়ার যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি যদি একটি চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে সেটিই করতে চাইব। এতে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে।’
ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিতে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদের ওপর ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেওয়ার পর ইরানের এসব লক্ষ্যবস্তুতে ‘সীমিত প্রতিরক্ষামূলক’ হামলা চালানো হয়।