
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১ জুলাই ২০২৬ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০ক-এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে একটি যুগান্তকারী আদেশ (আদেশ নম্বর: বিএসইসি/সার্ভেইল্যান্স/২০২০-৯৭৫/৫৭৯) জারি করেছে।
এ আদেশের মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা, বাজারে সুষ্ঠু, কার্যকর ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন সহজতর করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-কে নিজস্ব প্রবিধান ও নীতিমালা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণের প্যারামিটার স্বাধীনভাবে নির্ধারণ ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রাসঙ্গিক প্রবিধান, নীতিমালা ও পরিচালনাগত প্রয়োজনীয়তার আলোকে বাজার পরিচালনার বিভিন্ন নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণ এবং বাস্তবায়নের ক্ষমতা পাবে।
তবে এসব প্যারামিটারে কোনো পরিবর্তন আনা হলে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে তা অবিলম্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-কে অবহিত করতে হবে। পাশাপাশি বাজারের সব অংশগ্রহণকারীর কাছে পরিবর্তনের বিষয়টি যথাযথভাবে প্রচার ও অবহিতকরণ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বর্তমানে প্রচলিত বাজার নিয়ন্ত্রণ প্যারামিটারগুলো বহাল থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি বিএসইসির এ নির্দেশনাকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির মতে, বাজার নিয়ন্ত্রণের প্যারামিটার নির্ধারণে স্টক এক্সচেঞ্জকে ক্ষমতা দেওয়ার এই সিদ্ধান্ত পুঁজিবাজারের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান অর্জনের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।