
বিমা কোম্পানিগুলোর বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার পর থেকেই বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, হাজার কোটি টাকার পণ্য আমদানি হলেও সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, বিমা প্রিমিয়াম জমা হচ্ছে না এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শেয়ারহোল্ডাররা। এসব অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর থেকেই প্রভাবশালী মহল বাধা সৃষ্টি করছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর-২-এ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে (বিবিটিএ) লেনদেনের তথ্য আদান-প্রদানের জন্য তৈরি প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমদানির ক্ষেত্রে এলসি (ঋণপত্র) খোলার সময় ২০ লাখ টাকার প্রিমিয়ামের বিপরীতে বিমা কোম্পানির কাছ থেকে কাভারনোট নেওয়া হচ্ছে। কিন্তু পণ্য দেশে পৌঁছানোর পর প্রিমিয়াম পরিশোধ না করেই কাভারনোট ছিঁড়ে ফেলা হচ্ছে। এভাবে বিমা কোম্পানির সঙ্গে যোগসাজশ করে হাজার কোটি টাকার পণ্য আমদানি করা হলেও সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, প্রিমিয়াম জমা হচ্ছে না এবং সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অনিয়মে হাত দেওয়ার পর থেকেই প্রভাবশালী মহল থেকে বাধা আসা শুরু হয়েছে।’
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে বিচ্ছিন্নভাবে পরিচালিত প্রকল্পগুলোর সমন্বয় এবং ‘রিয়েল-টাইম ইন্টার-অপারেবিলিটি’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং পুঁজিবাজারের মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ব্যবস্থা না থাকলে ব্যবসার খরচ কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব নয়।’
আমির খসরু বলেন, ‘দেশের বিনিয়োগ পরিবেশের সঙ্গে তাল মেলানো, স্বচ্ছতা বাড়ানো এবং ব্যবসার খরচ কমিয়ে স্থানীয় মূল্য সংযোজন (ভ্যালু এডিশন) বাড়াতে ডিজিটাল আন্তঃসংযোগ অত্যন্ত জরুরি। অতীতে দেখা গেছে, একেকটি মন্ত্রণালয় বা সংস্থা নিজেদের মতো করে আলাদা বা স্ট্যান্ড-অ্যালোন প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের কোনো সংযোগ বা ইন্টার-অপারেবিলিটি ছিল না। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পুঁজিবাজার কিংবা এনবিআরের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোরও কার্যকর তথ্য আদান-প্রদানের ব্যবস্থা ছিল না।’
রিয়েল-টাইম ইন্টার-অপারেবিলিটি ছাড়া প্রকৃত অটোমেশন সম্ভব নয় উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, প্রতিটি লেনদেনে তাৎক্ষণিক নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। এর মাধ্যমে সময় ও ব্যবসার খরচ কমিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি বলেন, শুধু একটি খাতের ব্যয় কমিয়ে সামগ্রিক ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ হ্রাস করা সম্ভব নয়। এ কারণে এনবিআরের লেনদেন ব্যবস্থার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক, বিমা খাত এবং বন্দর ব্যবস্থাপনাকে যুক্ত করা হচ্ছে।
বিমা খাতের অনিয়ম ও রাজস্ব ক্ষতির চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ব্যাংকিং খাতের মতো বিমা খাতও চরম দুরবস্থায় পড়েছে। বিমা কোম্পানিগুলো গ্রাহকের দাবি বা ক্লেইম পরিশোধ না করে সেই অর্থ দিয়ে নিজেরা সম্পত্তি কিনছে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে।’
দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নিতেও সরকার প্রস্তুত বলে জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে যেকোনো কঠোর বা “পেইনফুল” সিদ্ধান্ত নিতেও রাজনৈতিক সরকার প্রস্তুত রয়েছে।’