
এসএসসি ও সমমানের আসন্ন পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁস রোধে কঠোর সাইবার নজরদারির ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশের প্রস্তুতির কথাও জানানো হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, অনলাইনে প্রশ্নফাঁসের যেকোনো প্রচেষ্টা সাইবার পর্যবেক্ষণের আওতায় এনে দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ফল প্রকাশের বিষয়ে মন্ত্রী জানান, পরীক্ষার ফল ৬০ দিনেরও আগে প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। এ জন্য পরীক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং খাতা মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা হচ্ছে। মূল্যায়ন শেষে র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে পরীক্ষকদের কাজ যাচাই করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, খাতায় লেখা না থাকলে অতিরিক্ত নম্বর দেওয়ার কোনো সুযোগ থাকবে না।
শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “দুর্নীতি করে ২৪ ঘণ্টাও টিকে থাকা যাবে না,” বলে হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া পাবলিক পরীক্ষা আইন, ১৯৮১ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।
কোচিং সেন্টার প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারের কাছে কোনো কোচিং সেন্টারের আনুষ্ঠানিক তালিকা বা স্বীকৃতি নেই।
পরীক্ষা নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ বছর দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেবে। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী।