
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে ছয় দিনের মধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব সরাসরি পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃহস্পতিবার (৫ মার্চ) একদিনে ৩৪টি ফ্লাইট বাতিলসহ ছয় দিনের মধ্যে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "যুদ্ধপরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।"
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং ফ্লাইট দুবাইয়ের (দুবাই) ৪টি ফ্লাইট রয়েছে।
এদিকে, ৫ মার্চ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।