
সাহিত্যাঙ্গনে বহুল প্রতীক্ষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এ বছর আটটি বিভাগে মোট নয়জন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক এই সম্মাননায় ভূষিত হচ্ছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম জানানো হয়।
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
ঘোষণা অনুযায়ী, কবিতা বিভাগে মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান পুরস্কার পাচ্ছেন।
জানা গেছে, ‘প্রস্তাবক কমিটি’র সুপারিশের ভিত্তিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্ত অনুযায়ী একাডেমির নির্বাহী পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করেছে।