
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বরিশালের রাজনৈতিক মঞ্চে ফিরছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তবে একদিন পিছিয়ে নতুন তারিখে অনুষ্ঠিত হচ্ছে তার নির্বাচনী জনসভা।
বিএনপির আয়োজনে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা এখন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জানুয়ারি এই কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ওইদিন তিনি প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য রাখবেন।
শুক্রবার ২৩ জানুয়ারি দুপুরে জনসভার ভেন্যু বেলস পার্ক মাঠ পরিদর্শন শেষে এই তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, "দীর্ঘ প্রায় ২০ বছর পর আমাদের নেতা তারেক রহমান বরিশালে আসছেন। বরিশালে তার আগমন এবং জনসভা ঘিরে বিএনপিতে নানা প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিদর্শনে আসা।"
বরিশালের রাজনীতিতে এই সফরকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি আরও বলেন, "তারেক রহমান বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন এটা আমাদের জন্য ঐতিহাসিক ব্যাপার। তার আগমন নির্বাচন পরিচালনা এবং বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে বক্তব্য দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
সূচি পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে সরোয়ার বলেন, "আমরা চাই জিয়াউর রহমানের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার উন্নয়ন-এর সঙ্গে তারেক রহমান বরিশালে এসে এর ধারাবাহিকতা রক্ষা করবেন। ২৬ তারিখের পরিবর্তে তিনি ২৭ জানুয়ারি আসছেন। তাকে বরণ করার জন্য আমাদের সমস্ত যুবক, ছাত্র, এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ। আমাদের প্রস্তুতি চলছে, মিছিল, মিটিং করছি। সকল ধরনের প্রস্তুতি চলছে।"
মাঠ পরিদর্শনকালে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ আরও অনেকে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। প্রায় দুই দশক পর এবার দলের চেয়ারম্যান হিসেবে তার বরিশাল আগমনকে কেন্দ্র করে অঞ্চলের বিএনপি রাজনীতিতে নতুন গতি ও প্রত্যাশা তৈরি হয়েছে বলে মনে করছেন দলের নেতারা।