
সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম. মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
শহীদ এম. মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকে রয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউওআই) আহসানুর রহমান বলেন, পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আনার জন্য ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনটি পুনরায় সচল করা সম্ভব হবে।