
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে দেশে ফেরার টিকিট দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
শেখ হাসিনাকে উদ্দেশ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আপনারা মানুষ হত্যা করে পালিয়েছেন, এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন। কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের সেই হুংকার বুঝে গেছে। কাজেই আপনাদের এখন দেশে আসতেই হবে। গোপনে নয়, এখনই চলে আসেন, প্রয়োজনে আমরা টিকিট দিয়ে দেব।’
তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, গুম-খুন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারী-শিশুসহ মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারিও দেন তিনি।
সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
নান্দাইলের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে ১৮৬টি রাস্তা ইটের সোলিং করা হয়েছে। আরও ১০৪টি রাস্তা ইটের সোলিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা সংস্কারের অনুদান আনা হয়েছে, যা ময়মনসিংহের অন্য কোনো উপজেলায় আসেনি বলে দাবি করেন তিনি।
গৃহহীনদের পুনর্বাসনে ৩৬টি ঘর দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু নির্মাণ এবং ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন অনুমোদনের প্রক্রিয়া চলছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে বিএনপি সমর্থিত প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি জনগণের কর্মী হিসেবে কাজ করছেন এবং ভবিষ্যতেও তাদের সেবা করতে চান। উন্নয়ন ও যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।