
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ২৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন স্লুইসগেট-সংলগ্ন বেড়িবাঁধের পাশের নদীর তীর থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসরিন (১৮) এবং তাঁর স্বামী মিজান (৩০)। মিজানের স্থায়ী ঠিকানা উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় রিপন চৌধুরী নামে এক ব্যক্তি ফোন করে নদীর তীরে মাদকসহ দুজনকে আটকে রাখার খবর দেন। পরে রাত ৮টা ১০ মিনিটে পুলিশের একটি দল থানার দায়িত্ব পালনরত অবস্থায় ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং ৮টা ২০ মিনিটে সেখানে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালিয়ে নাসরিনের ওড়নার মধ্যে লুকানো একটি কালো ব্যাগ থেকে সবুজ পলিথিনে মোড়ানো ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২ দশমিক ৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ৪০০ টাকা। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা তৈরি করে ইয়াবা জব্দ করা হয়। রাসায়নিক পরীক্ষার জন্য দুটি বড়ি আলাদা করে রাখা হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের বলেন আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।