
গাজীপুরে পুলিশের প্রিজনভ্যান থেকে ৩০ মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্য ও তার বোন তাসলিমার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৪-এর বিচারক জোবায়ের হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—এসআই প্রবীর কুমার বিশ্বাস, প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমা। তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে তিনি পালিয়ে যান। প্রথমে নাওজোড় এলাকায় শৌচাগারে যাওয়ার সময় তিনি পালিয়ে যান বলে জানানো হয়েছিল।
তবে ঘটনা তদন্তে গঠিত কমিটির অনুসন্ধানে উঠে আসে ভিন্ন তথ্য। তদন্তে জানা যায়, ঢাকার তাঁতীবাজার এলাকায় প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজাকে নামিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে দেওয়া হয়।
তদন্ত কমিটি জানিয়েছে, পিচ্চি রাজাকে পালাতে পুলিশ সদস্যদের সহযোগিতার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।