
দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৭ দুবাইয়ে অনুষ্ঠেয় এই বৈশ্বিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করে আমন্ত্রণ জানিয়েছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আমিরাতের এই নেতা বলেন, মানবজাতির জন্য আরও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।
তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ (ভবিষ্যতের সরকার গঠন)।
সম্মেলনটি একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মঞ্চ। এতে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা একত্রিত হয়ে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং শাসনব্যবস্থায় উদ্ভাবনী পদ্ধতি খুঁজে দেখেন।
বার্ষিক এ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবন ভাগাভাগি এবং জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার সুযোগ পায়।
সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টির বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও চিন্তাবিদদের অংশগ্রহণে ওই আয়োজনে সব মিলিয়ে ছয় হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে সংলাপ উৎসাহিত করা, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই অগ্রগতি এগিয়ে নিতে যৌথ কৌশল প্রণয়নই এ সম্মেলনের মূল লক্ষ্য।