
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে।
মনোনীত শিক্ষার্থীদের পূরণ করা ফরমের দুই সেট হার্ডকপি জমা দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর নিজ স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট এবং জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে।
সব কাগজপত্র যথাযথভাবে সত্যায়িত করে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় নথির সফটকপি পিডিএফ আকারে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২-এর জন্য ৭ জন, ২০২৩ সালের জন্য ৭ জন, ২০২৪ সালের জন্য ৭ জন এবং ২০২৫ সালের জন্য ৮ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। চার বছরে মোট মনোনীত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।
২০২২ সালের মনোনীতরা: সাদ্দাম হোসাইন, রুমানা সিদ্দিকা মারুফা, আয়েশা আক্তার, রোকেয়া পারভিন, মো. বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রোমা ও মুজতানিবা জাহান মাশরাকা।
২০২৩ সালের মনোনীতরা: মো. আনোয়ার শাহ, সারমিন আক্তার, সাদিয়া জান্নাত মিতু, জয় পাল, মোছা. শুমোনা আক্তার, তানজুম আহমেদ নূদী ও তাসনিমা আক্তার।
২০২৪ সালের মনোনীতরা: আরিফুল ইসলাম, আসমা আক্তার, মুহাম্মদ গোলাম রোহমান শাফি, সাদিয়া খানম, রাগিব শাহরিয়ার রাফি, জান্নাতুন নাহের উর্মি ও মো. মুহিব আহসান চৌধুরী।
২০২৫ সালের মনোনীতদের মধ্যে রয়েছেন: সোমাইয়া তাবাসসুম, ফারিয়া আক্তার ইভা, শানজিদা সারমিন মৌরি, দীপান্বিতা বৈদ্য, আনিকা তাবাসসুম অন্তরা, আভা রহমান ও বিদিশা অধিকারীসহ তালিকাভুক্ত শিক্ষার্থীরা।
এদিকে ইউজিসির প্রধানমন্ত্রী স্বর্ণপদক আবেদন গাইডলাইনে জানানো হয়েছে, আবেদন প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন করতে হবে। ধাপগুলো হলো—‘স্টুডেন্ট ইনফরমেশন’, ‘একাডেমিক পারফরম্যান্স অ্যান্ড অ্যাটাচমেন্টস’ এবং ‘রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন’।
আবেদনকারীরা চাইলে আবেদন প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে সেটিকে ড্রাফট হিসেবে সংরক্ষণ করে পরবর্তী সময়ে বাকি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।