
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনটিকে ‘মুক্তির দিন’ ও ‘নতুন বাংলাদেশের জন্মদিন’ হিসেবে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ভোট দেওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, “খুব ভালো লাগল। এটা আমার জীবনে মহানন্দের দিন। এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন—মুক্তির দিন।”
ভোটের পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব।”
নির্বাচন ও গণভোটকে ‘নতুন সূচনার প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “আজ যে প্রক্রিয়া শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সে অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।”
গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম—সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।”
দিনটিকে নিজের জীবনের ‘বিশেষ দিন’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু—সেটাই আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।”