২০০৩ সালে বলিউডে অভিষেকের পর দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে ইমরান হাশমি অভিনয় করেছেন প্রায় অর্ধশত সিনেমায়। এ সময়ে তার অভিনীত বেশ কিছু সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে। নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর কারণে দর্শকদের কাছেও আলাদা জনপ্রিয়তা তৈরি করেছেন এই অভিনেতা।
তবে নায়ক বা কেন্দ্রীয় চরিত্র হিসেবে অভিনয় করে কখনো ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে পারেননি ইমরান হাশমি। এবার সেই অপূর্ণতা ঘুচেছে। ‘আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন তিনি। ১৪ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি মাত্র দুই সপ্তাহের মধ্যেই এই বিপুল আয় করেছে।
ইন্ডিয়া টুডে’র খবর অনুযায়ী, এখন পর্যন্ত ‘আওয়ারাপান ২’ আয় করেছে ২০১ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে প্রথম সপ্তাহেই সিনেমাটির আয় ছিল ১৬১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয়ের হার বেশ কমেছে। সামনে আর খুব বেশি এগোনোর সম্ভাবনাও নেই। কারণ বুধবার (২৬ আগস্ট) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ‘টক্সিক’। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।
সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছে ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’। ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে বাজেটের দ্বিগুণের বেশি আয় করেছে। এতে দীর্ঘদিন পর ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন গতি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘আওয়ারাপান ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বরুণ চান্দা ও রুখসার রেহমানসহ অনেকে।
প্রসঙ্গত, ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ সিনেমাটি বিশ্বব্যাপী ৪৬৬ কোটি রুপিরও বেশি আয় করেছিল। তবে সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। হাশমি মূলত এতে খল চরিত্রে অভিনয় করেছেন।