
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন। বুধবার (২১ অক্টোবর) উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
পাঞ্জাবের রাজনপুর জেলার রোঝান তহসিলের সিন্ধু মহাসড়কের বাংলা হেদায়েত এলাকায় ভোর পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত গতির কারণে বাসটি সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।
নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। আহতদের মধ্যে ৩৮ জনকে রাজনপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ডেরা গাজী খান এবং দুজনকে রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলের সদস্যরা ১০টি অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
দুর্ঘটনার পর রাজনপুরের ডেপুটি কমিশনার ইমরান রাঞ্জা, জেলা পুলিশ সুপার ও সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন। ওমরকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) শাকিল দ্রেশাক জানান, অবহেলা ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বাসচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রাথমিকভাবে বাসচালক ও মালিকের পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেলেও পরে ডেপুটি কমিশনার জানান, আহত চালককে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাঞ্জাব প্রদেশে সড়ক দুর্ঘটনা নিয়মিত প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটিতে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৫২টি সড়ক দুর্ঘটনা ঘটে এবং এতে গড়ে ১৪ জনের মৃত্যু হয়।
এর আগে গত সোমবার মুলতানের বোসান রোডে একটি দ্রুতগতির গাড়ি ডিভাইডারে ধাক্কা খেয়ে আগুন ধরে গেলে ২০ থেকে ৩০ বছর বয়সী পাঁচ তরুণ নিহত হন।