
বিভিন্ন কমিটিতে দলীয় পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তাঁকে একবার বহিষ্কারও করা হয়েছিল।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে রমিজ উদ্দিনের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বিএনপির বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন আর্থিক সুবিধা নিয়েছেন-এমন প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনের জন্য উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে।
আগেও বহিষ্কৃত হয়েছিলেন রমিজ উদ্দিন
২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় রমিজ উদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি ক্ষমা চেয়ে আবেদন করেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হন। এরপর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
সিদ্ধান্তে সন্তোষ তৃণমূল নেতাকর্মীদের
রমিজ উদ্দিন লন্ডনীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবর ফেসবুকে প্রকাশিত হওয়ার পর মেঘনা উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমকে ধন্যবাদ জানান।
তৃণমূলের নেতাকর্মীরা বলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন নেতাকে দায়িত্বশীল পদ থেকে সরিয়ে দিয়ে প্রশংসা পেয়েছেন আবুল হাসেম। একই সঙ্গে আব্দুল অদুদ মুন্সিকে আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় মেঘনা উপজেলা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
মেঘনা উপজেলা বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি বলেন, দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করবেন। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে শক্তিশালী করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
এর আগে ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা অভিযোগ করেন, দলীয় পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে রমিজ উদ্দিন লন্ডনী তাঁর কাছ থেকে এক লাখ টাকা ও তিনটি খাসি নিয়েছেন। এ অভিযোগের বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়।
সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমের কাছে লিখিত অভিযোগ জমা দেন মোসলেম মোল্লা।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন তাঁর কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। পাশাপাশি তিনি রমিজ উদ্দিনকে তিনটি খাসি উপহার দেন। এ ঘটনার পক্ষে প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও লিখিত অভিযোগে দাবি করেন মোসলেম।
অভিযোগটি নিরপেক্ষভাবে যাচাই করে এর সত্যতা পাওয়া গেলে বিএনপির দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।