
দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতা-কর্মীরা।
বুধবার বিকেল ৫টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার আল-মামুন সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়। এ সময় নেতা-কর্মীদের হাতে ঝাড়ু দেখা যায়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভু।
এর আগে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দুমকি উপজেলার ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বুধবার কমিটিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে জাকির আলম মিলনকে। সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. কামাল তালুকদারকে।
কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।