
নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, নৈতিক, ইসলামিক ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজে অবক্ষয় তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে পড়া জাতির জন্য কল্যাণকর হবে না। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্ত করার বিকল্প নেই। এ জন্য ধর্মীয় শিক্ষার প্রতি আরও গুরুত্ব দিতে হবে।
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী রয়েছেন। তারা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হিফয সম্পন্ন করা ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।