
সাংবাদিকদের নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
সোমবার (২৬ অক্টোবর) ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এর আগে দুপুরে পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’
বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে এ ধরনের ঢালাও মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। আইজিপির মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা।
ডিআরইউ নেতারা আরও বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশ নিয়ে আপত্তি থাকলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি করা উচিত। ঢালাও নেতিবাচক মন্তব্য সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থার ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে।
বিবৃতিতে আইজিপির বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন সংগঠনটির নেতারা। তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়া না হলে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।