
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. টুটুল (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি নয়নকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার ঢাকার মিরপুর থানাধীন দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকা থেকে র্যাব-১১, সিপিসি-১ ও র্যাব-২-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২৮ জুন সন্ধ্যার দিকে বন্দরের আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে টুটুলকে অস্ত্রের মুখে জিম্মি করেন নয়নসহ কয়েকজন। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
একপর্যায়ে ছিনতাইকারীরা টুটুলের বুকের মাঝখানে চাকু দিয়ে সজোরে আঘাত করে। পরে তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটের দিকে টুটুলের মৃত্যু হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এবং র্যাব-২-এর একটি যৌথ দল ঢাকার মিরপুর থানাধীন দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে টুটুল হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি নয়নকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নয়ন নারায়ণগঞ্জের আলীনগর এলাকার খোকা মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর নয়নকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।