
বিপুল জয়ের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া বিএনপির নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন তিন নারী সংসদ সদস্য। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৪৯ সদস্যের এই নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে আজ সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনার রশিদ খান মুন্নুর উত্তরসূরি আফরোজা খানম রিতা পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসন থেকে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়ে চমক সৃষ্টি করেন।
নাটোর-১ আসন থেকে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ৪১ বছর বয়সী ফারজানা শারমিন পুতুল। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র জয়ী নারী প্রার্থী তিনি। নতুন সরকারে তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
বিএনপির সাবেক প্রভাবশালী মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ ফরিদপুর-২ আসন থেকে জয়ী হয়ে প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন।
এক অভিজ্ঞ ও তারুণ্যের মিশ্রণে গঠিত এই মন্ত্রিসভায় নারী নেতৃত্বের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।