
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সংস্থাটির সদ্য বিদায়ী মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোতাহার হোসেন।
সোমবার (৬ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে তার বদলিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসার সভাপতি ও দুদকের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ কালামও উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে মো. মোতাহার হোসেন বলেন, ‘দেশের স্বার্থে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুদককে বাঁচিয়ে রাখতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুদকের ভূমিকা অপরিসীম।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. মোকাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন পদোন্নতিজনিত বদলির কারণে যুব উন্নয়ন অধিদপ্তরে যাচ্ছেন। দেশে বর্তমানে সাড়ে ৩ কোটি যুবক রয়েছে। মোতাহার হোসেন যদি তার দুদকে কাজের অভিজ্ঞতা সেখানে ব্যবহার করে দেশের সাড়ে ৩ কোটি যুবসমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতে পারেন তাহলে দুদকের প্রতিরোধ শাখার কাজ ৫০ ভাগ হয়ে যাবে। আমরা আশাকরি তিনি সেটা করবেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদকের মহাপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী, আব্দুল্লাহ আল জাহিদসহ সংস্থাটির একাধিক কর্মকর্তা।
বিদায়ী সংবর্ধনায় দুদকের বিভিন্ন পর্যায়ের মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে মো. মোতাহার হোসেনকে শুভকামনা জানান।