
বলিউডের কাল্ট সিনেমাগুলোর তালিকায় অন্যতম নাম ‘আওয়ারাপন’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মোহিত সুরি পরিচালিত গ্যাংস্টারধর্মী ট্র্যাজিক প্রেমের এই সিনেমাটি মুক্তির সময় বাণিজ্যিকভাবে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে দর্শকদের কাছে বিশেষ মর্যাদা অর্জন করে। হৃদয়স্পর্শী গল্প, ইমরান হাশমির অভিনয় এবং জনপ্রিয় গানগুলো আজও সিনেমাপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।
দীর্ঘ ১৯ বছর পর সেই জনপ্রিয় সিনেমার সিকুয়েল ‘আওয়ারাপন ২’ নির্মাণ করছেন প্রযোজক মুকেশ ভাট। তবে এবার পরিচালনার দায়িত্বে থাকছেন না মোহিত সুরি। তার পরিবর্তে ছবিটি পরিচালনা করছেন নীতিন কাক্কর।
সিকুয়েলেও কেন্দ্রীয় চরিত্রে ফিরছেন ইমরান হাশমি। তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন দিশা পাটানি। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমিকে।
রোববার প্রকাশ পাচ্ছে ‘আওয়ারাপন ২’-এর টিজার, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সিনেমাটির প্রচারণা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির আগে টানা এক মাসব্যাপী চলবে ছবিটির প্রচার কার্যক্রম।
প্রথমে চলতি বছরের এপ্রিল মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। বলিউডের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধুরন্ধর’ ও ‘টক্সিক’-এর মতো বড় বাজেটের সিনেমার সঙ্গে বক্স অফিসের প্রতিযোগিতা এড়াতেই মুক্তির সময়সূচিতে পরিবর্তন আনা হয়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আওয়ারাপন ২’।
প্রথম সিনেমার অন্যতম শক্তি ছিল এর সংগীত। সেই ধারাবাহিকতা বজায় রাখতে সিকুয়েলেও গানকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। নতুন রোমান্টিক গানের পাশাপাশি ‘তো ফির আও’ ও ‘তেরা মেরা রিস্তা’—এই দুই জনপ্রিয় গানের নতুন সংস্করণও ছবিতে থাকতে পারে বলে জানা গেছে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি। বলিউড বিশ্লেষকদের মতে, ‘আওয়ারাপন ২’ ইমরান হাশমির ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হতে পারে। একই সঙ্গে কাল্ট ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে দিশা পাটানিও দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।