দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। টানা চার দিন ধরে জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ে পুরো এলাকা। ঘাস, গাছপালা ও ফসলের পাতায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোয় আকাশ ঝলমলে হয়ে উঠলেও বাতাসে শীতের আমেজ অনুভূত হচ্ছে।
দিনের বেলায় তাপমাত্রা বেড়ে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও ভোর ও রাতের ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। ফলে দিন ও রাতের আবহাওয়ায় স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।
আবহাওয়ার এমন ওঠানামার প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। জেলার আধুনিক সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি-কাশিসহ নানা শীতজনিত সমস্যায় ভুগছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে কখনো শীত, আবার কখনো গরম অনুভূত হচ্ছে। তবে ধীরে ধীরে জেলার তাপমাত্রা কমছে।