
তুরস্ক সফর এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরের ভিআইপি কক্ষে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা।
জানা গেছে, সফরে শফিকুর রহমানের সঙ্গী ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।
ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ
গত ৭ অক্টোবর তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমির। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়াই ছিল তার সফরের অন্যতম উদ্দেশ্য।
গত ৯ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি তুরস্ক ও অন্যান্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের সম্ভাবনা এবং ঢাকা-আঙ্কারা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান সম্মেলনের প্রতিপাদ্যসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ নিয়ে গবেষণা, নীতিনির্ধারণী আলোচনা এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠক
সফরকালে তুরস্কের পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য আকিফ ইলমাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বৈঠক ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে তুরস্কে নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করেন শফিকুর রহমান। পরে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরা পালন করেন তিনি। সফর শেষে রোববার সকালে দেশে ফেরেন জামায়াতের এই শীর্ষ নেতা।