
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেয়েই তিনি মোদিকে ভারতের জন্য ‘লজ্জার’ বলে মন্তব্য করেছেন।
রোববার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’
প্রায় ২৪ ঘণ্টা পর আদালতের নির্দেশে মুক্তি
রোববার দিল্লির এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিজিৎ দীপকে, সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকা মুক্তি পান। দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর তাঁদের মুক্তি দেওয়া হয়।
তবে মুক্তির ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে। সিজেপির আইনবিষয়ক প্রধানের ভাষ্য অনুযায়ী, আগামী এক বছর এমন কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া যাবে না, যাতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ওই কর্মসূচিকে ঘিরে পুলিশ ব্যাপক ধরপাকড় চালায়। এর প্রতিবাদে রোববারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এদিকে, রোববার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সিজেপির। আটক ও মুক্তির ঘটনা এবং নির্বাচন কমিশনকে ঘিরে চলমান বিরোধ নিয়ে সেখানে দলটির নেতারা বক্তব্য দিতে পারেন।
অবতরণের পর বিমান থেকে নামার আগেই আটক
শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই উড়োজাহাজের ভেতর থেকে সিজেপির তিন নেতাকে আটক করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ ফ্লাইটটি সকাল ১০টা ১৮ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরের এয়ারসাইড অপারেশনস কন্ট্রোল সেন্টারের নির্দেশে উড়োজাহাজটিকে দূরবর্তী পার্কিং বে আর১২-তে নেওয়া হয়। পরে সেখান থেকেই পুলিশ তিন নেতাকে আটক করে।
তাঁদের আটকের ঘটনা এবং মুক্তির পর অভিজিতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।