
পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ তিন জেলার গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৩৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে এসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
এদিকে, শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদরদপ্তরে একটি মনিটরিং সেল চালু রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া সরাসরি ভিডিওচিত্র নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।