
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফুটপাতসহ যেকোনো স্থানে চাঁদাবাজির অভিযোগ পেলে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকেও কঠোর নির্দেশনা এসেছে।
সোমবার (৯ মার্চ) সকালে পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন প্রশাসক আব্দুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, “নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের পক্ষে একা সম্ভব নয়। নগরবাসীর সহযোগিতাও অপরিহার্য।” তিনি সতর্ক করেন, যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন এবং নির্ধারিত ১০০ টাকার বেশি নেবেন, তাদের টেন্ডার বাতিল করা হবে।
প্রশাসক আরও বলেন, “সাধারণ মানুষের সুবিধার্থে এই কমিউনিটি সেন্টার করা হয়েছে, এটা রক্ষ করা দায়িত্ব আপনাদের। দলমত নির্বিশেষে সবাই এখানে আসবেন। অনলাইনের মাধ্যমে আপনার বুকিং দিতে পারবেন এই কমিউনিটি সেন্টার।”
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, “একটা স্মৃতি রেখে গেলাম এই কমিউনিটি সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে। সকালে একযোগে মিলে মিশে কাজ করবো।”