
ঢাকা মহানগরীতে নির্বাচনের জন্য নির্ধারিত ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রে নিরাপত্তা আরও শক্তিশালী করতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সংবাদ সম্মেলনের বিষয় ছিল ‘নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’।
ডিএমপি কমিশনার বলেন, “ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি। এই কেন্দ্রগুলোতে ৪ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ দায়িত্ব পালন করবেন।”
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সম্পর্কে তিনি জানান, “৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এই কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া থাকবে বডি ক্যামেরা।”
তিনি আরও জানান, “ডিএমপির ২৫ হাজার সদস্যকে নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিজপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।”
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।