
জয়পুরহাটে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে লিমন হোসেন নামে ১৭ বছর বয়সী এক তরুণ মারা গেছেন।
বুধবার (১১ মার্চ) সকালে আক্কেলপুর উপজেলার কানুপুর হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন আক্কলপুর উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে। তিনি জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাজ শেষ করে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন লিমন হোসেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, অসাবধানতাবশত কানে হেডফোন দিয়ে হাঁটার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় তিনি দুর্ঘটনার শিকার হন।
তিনি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।