
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন অবশেষে বাণিজ্যিক মহাকাশযাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ব্লু অরিজিনের বিশাল নিউ গ্লেন রকেট নাসার গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রকল্প এসকাপেডকে মহাকাশে পাঠাচ্ছে। এটি ব্লু অরিজিনের প্রথম মঙ্গল-উদ্দেশ্যযুক্ত ফ্লাইট।
নিউ গ্লেন রকেটটি দুই স্তরের এবং ৩২ তলা ভবনের সমান উচ্চতার। কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ হওয়া রকেটের সাতটি বিই-৪ ইঞ্জিন প্রচণ্ড শব্দ ও শিখা তৈরি করে আকাশে উড়ে যায়। প্রতি সেকেন্ডে ১,২৭০ কেজির বেশি তরল জ্বালানি ব্যবহার করে এটি। ফ্লোরিডার মেঘলা আকাশ ও ভূচৌম্বকীয় ঝড়ের কারণে কয়েকদিন বিলম্বিত হওয়া এই উৎক্ষেপণ অবশেষে সফল হয়।
উৎক্ষেপণের মূল লক্ষ্য হচ্ছে নাসার দুটি যমজ মহাকাশযান ‘এসকাপেড’ পাঠানো। এই মহাকাশযান দুটি মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করবে এবং সৌর বায়ু ও মঙ্গলের চৌম্বকক্ষেত্রের মিথস্ক্রিয়া বিশ্লেষণ করবে। এছাড়া, এই মিথস্ক্রিয়া মঙ্গলের বায়ুমণ্ডলের ক্ষয়ে কতটা ভূমিকা রাখে, তাও পর্যবেক্ষণ করা হবে। উৎক্ষেপণের প্রায় ৩০ মিনিট পর ‘ব্লু’ ও ‘গোল্ড’ নামে পরিচিত যমজ মহাকাশযান দুটি রকেটের ওপরের অংশ থেকে মুক্ত হয়। এরপর ২২ মাস ধরে মঙ্গলের দিকে যাত্রা করবে এবং ১১ মাস ধরে সেখানে গবেষণা চালাবে।
উৎক্ষেপণের সঙ্গে স্যাটেলাইট কোম্পানি ভায়াস্যাটের একটি পেলোডও পাঠানো হয়েছে। এটি ব্লু অরিজিনের প্রথম বিজ্ঞানবিষয়ক পেলোড হিসেবে মহাকাশে পৌঁছাবে। এই মিশন ব্লু অরিজিনের জন্য ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্পেসএক্স বর্তমানে বিশ্বের সবচেয়ে সক্রিয় রকেট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান এবং পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট তৈরি করছে।
ব্লু অরিজিন গত এক দশক ধরে নিউ গ্লেন তৈরি করতে কয়েকশ কোটি ডলার বিনিয়োগ করেছে। নিউ গ্লেনের নামকরণ করা হয়েছে প্রথম মার্কিন নভোচারী জন গ্লেনের নামে। এই রকেটের উত্তোলনক্ষমতা স্পেসএক্সের ফ্যালকন ৯-এর দ্বিগুণ। নাসা এসকাপেড মিশনের জন্য প্রায় ৫৫ মিলিয়ন ডলার ব্যয় করেছে, আর ব্লু অরিজিনের এই ফ্লাইটের জন্য খরচ হয়েছে ১৮ মিলিয়ন ডলার।