
জুলাই আন্দোলনের শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যদের নিজেদের অনুপ্রেরণা ও শক্তির উৎস হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের চাকরি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। নির্যাতিত পরিবারগুলোর পাশে সরকার দাঁড়িয়েছে—বিষয়টি এভাবে দেখার পরিবর্তে তিনি বলেন, এসব পরিবার সহযোগিতা ও সমর্থন করছে বলেই শহীদ ও আত্মত্যাগকারীদের স্বপ্ন বাস্তবায়নে সরকার আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সামনে দেখে তিনি আবেগাপ্লুত বোধ করছেন। দেশের জন্য বড় কিছু অর্জনের পেছনে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, তা স্মরণ করে তিনি বলেন, যারা প্রাণ দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আত্মত্যাগের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
তিনি বলেন, যেসব পরিবারের সদস্যরা দেশের জন্য ও দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রত্যাশা পূরণ এবং দেশ ও জাতিকে ঘিরে তাদের স্বপ্ন বাস্তবায়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
তারেক রহমান আরও বলেন, যতদিন দেশের মানুষ সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখবে, ততদিন এসব পরিবারের সমর্থন, আশা ও প্রত্যাশা থাকবে সরকারের কাছে।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়েও সরকারের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, সীমাবদ্ধতা থাকলেও গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের পাশে থাকারও সর্বোচ্চ চেষ্টা করা হবে।