
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণের প্রস্তুতি নেন। আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভিআইপি গেট দিয়ে সংসদে প্রবেশ করেন।
সকাল ১১টা ২৬ মিনিটে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ একসঙ্গে একটি কালো গাড়িতে সংসদ ভবনে পৌঁছান। ১১টা ৪৫ মিনিটে লাল প্রাইভেটকারে প্রবেশ করেন আখতার হোসেন।
জুলাই গণ-অভ্যুত্থান থেকে উদ্ভূত তরুণদের রাজনৈতিক দল এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অংশ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ছয়টি আসন অর্জন করেছে। দলটির বিজয়ী প্রার্থী নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে, আখতার হোসেন রংপুর-৪ থেকে এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত হন।