
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই শিক্ষার্থী হলেন ২০২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়িই সিলেটে। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন, আর শান্ত টিপিই বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলার পর অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে সাঁতার কাটার সময় তারা পুকুরের মাঝামাঝি অংশে তলিয়ে যান।
খবর পেয়ে সহপাঠী ও অন্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
পরে গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।