
মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে, পরিস্থিতি যেকোনো সময় বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে।
চীনা কর্তৃপক্ষ নাগরিকদের ঝুঁকি এড়িয়ে দ্রুত স্থলপথ বা আকাশপথে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাস থেকে কড়া বার্তাও দেওয়া হয়েছে।
শিনহুয়া জানায়, ইসরায়েলে থাকা চীনা দূতাবাস পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় একটি বিশেষ উদ্ধার কার্যক্রম চালু করেছে। নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মিসর সীমান্তবর্তী ‘তাবা ক্রসিং’ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের মতে, ইরান এবং হিজবুল্লাহ–র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা, পরিসর ও তীব্রতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেকেই সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় হতাহতের সংখ্যা বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে যারা এখনো দেশ ত্যাগ করতে পারেননি, তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দূতাবাস। নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকতে হবে, কারণ এসব স্থান এখন তেহরান ও হিজবুল্লাহর সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে।