
যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে দিনের বেলায় ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল চারটার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, আলামিনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় আল-আমিনকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে সেখানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।
কোতোয়ালী থানার ওসি মাসুম খান জানান, আলামিন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে। থানা পুলিশের একাধিক দল ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।