
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে।
বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক দপ্তর আদেশে জানানো হয়েছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত মূল বন্দরের পাশাপাশি পানগাঁও আইসিটি ও ঢাকা আইসিডির সব অপারেশনাল কার্যক্রমও বন্ধ থাকবে।
তবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কার্যক্রম সচল রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। খাদ্যদ্রব্য, ত্রাণ এবং অন্যান্য অতি জরুরি পণ্য হ্যান্ডলিংয়ের কাজ শুল্ক বিভাগ ও বন্দর কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অতিরিক্ত চার্জের শর্তে করা যাবে। সংশ্লিষ্টদের পরিচালক (ট্রাফিক) বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পূর্বে অবহিত করা বাধ্যতামূলক।
এছাড়া বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যাপ্ত জনবল ও বুকিং ব্যবস্থা রাখা হয়েছে। আমদানি-রফতানি এবং ব্যাংকিং কার্যক্রম সচল রাখার স্বার্থে সোনালী, জনতা, ওয়ান ব্যাংকসহ অনুমোদিত ব্যাংকসমূহ, কাস্টমস হাউসের সংশ্লিষ্ট শাখা ও প্রাইভেট ডিপোসমূহ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।