.jpg)
বিশ্বখ্যাত ধারাবাহিক গেম অব থ্রোনস-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া আইরিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক আর নেই। বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার ৭ এপ্রিল উত্তর আয়ারল্যান্ডের একটি সেবাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।
অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী নাওমি শিহান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, ‘মোটর নিউরন ডিজিজ’ নামের জটিল রোগের সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর মাইকেল বিদায় নিয়েছেন। ধীরে ধীরে শরীরের পেশির নিয়ন্ত্রণ হারালেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন তিনি।
জনপ্রিয় ধারাবাহিক গেম অব থ্রোনস-এ ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’-এর একজন সদস্য হিসেবে তার উপস্থিতি ছিল স্বল্প সময়ের, তবে প্রভাব ছিল গভীর। অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নেন তিনি।
বড় পর্দাতেও কাজ করেছেন এই অভিনেতা। বেলফাস্ট চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ান তিনি, যেটি নির্মাণ করেন কেনেথ ব্রানাঘ। এছাড়া ব্লু লাইটস ও মাই লেফট নাট-এর মতো ধারাবাহিকেও দেখা গেছে তাকে। মঞ্চনাট্যেও ছিলেন সক্রিয়।
২০২৩ সাল থেকে মোটর নিউরন ডিজিজ-এ ভুগছিলেন মাইকেল। এই রোগে ধীরে ধীরে শরীরের নড়াচড়া, কথা বলা এবং শ্বাস নেওয়ার ক্ষমতা কমে আসে। জীবনের শেষ সময়টায় শ্বাস-প্রশ্বাস নেওয়াও হয়ে উঠেছিল কষ্টকর।
তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তদের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন স্বল্প উপস্থিতিতে গভীর ছাপ রেখে যাওয়া একজন অভিনেতা হিসেবে।