
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে ঘটে যাওয়া গুলির ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের হোটেল ওয়াশিংটন হিলটনে আয়োজিত ওই অনুষ্ঠানের বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। ওই সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন।
ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই জানায়, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস বিষয়টি তদন্ত করছে।
সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন এটি ট্রে পড়ে যাওয়ার শব্দ। তবে ফার্স্ট লেডি সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পারেন এবং বলেন এটি একটি খারাপ শব্দ।
হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় উল্লেখ করে ট্রাম্প বলেন, আটক ব্যক্তিকে সন্দেহজনক মনে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন একক হামলাকারীর কাজ হতে পারে।
তিনি আরও বলেন, “আমি মনে করি না এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে।”
ঘটনার সময় সিক্রেট সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে প্রেসিডেন্ট ও উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে ট্রাম্প জানান, তিনি, ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদ আছেন।
সূত্র: আল জাজিরা