
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গাজীপুরে তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় এসব মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সূত্র জানায়, সোমবার সকালেও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। কালিয়াকৈর উপজেলার সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী ও সালনা এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ সময় শ্রমিকরা কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
কোথাও অবরোধ শুরুর আধা ঘণ্টা পর, আবার কোথাও এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন তিনটি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এসব মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।