
কুড়িগ্রামে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শ্রেণিকক্ষে সব ধরনের শিশুর সমান অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে ‘একীভূত শিক্ষা’ (Inclusive Education) বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর এফডিআইডিপি প্রকল্পের উদ্যোগে কুড়িগ্রামে কলেজ মোড়স্থ দি গ্রান্ড এসেম্বলি হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ফ্রেন্ডশিপ এফডিআইডিপি এর কুড়িগ্রাম সদর প্রকল্প ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম এর পরিচালনায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, ফ্রেন্ডশিপ এর আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম।
কর্মশালায় চরাঞ্চল ও অবহেলিত এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার মূলধারায় যুক্ত করার কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন একীভূত শিক্ষা বিষয়ের তাত্ত্বিক ও বাস্তবমুখী অভিজ্ঞতাসম্পন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার। বিশেষ চাহিদা বা ভৌগোলিক সীমাবদ্ধতা যেন কোনো শিশুর শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়ার কারণ না হয়, সে বিষয়ে শিক্ষকদের আরও সংবেদনশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।
উপস্থিত শিক্ষকেরা এ ধরনের সময়োপযোগী ও ধারণাগত দিক থেকে স্পষ্ট প্রশিক্ষণ আয়োজনের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপকে ধন্যবাদ জানান এবং অর্জিত জ্ঞান নিজ নিজ বিদ্যালয়ে প্রয়োগের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।