
ভুটান সফরের পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার (১৮ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই প্রধান। স্বল্প সময়ের এ বিরতিতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের কর্মকর্তারা।
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হয়েছিলেন ইনফান্তিনো। সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রাপথে ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়।
ফিফা সভাপতির এই সংক্ষিপ্ত অবস্থানকে ঘিরে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল বাফুফে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাবিথ আউয়াল ও ফেডারেশনের কর্মকর্তারা ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন।
তবে ঢাকায় তাঁর অবস্থান স্বল্প সময়ের হওয়ায় এ সফরে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি বা ফুটবলবিষয়ক বৈঠকের তথ্য জানানো হয়নি।