-6acf248b9d94c.webp)
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।
তিনি বলেন, আগুন নেভাতে ১৬টি ইউনিট কাজ করছে। তবে সড়কে শ্রমিকদের বিক্ষোভের কারণে আরও তিনটি ইউনিটের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে।
এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কার্যক্রম শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও ইউনিট পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহীন আলম বেলা সাড়ে ১১টার দিকে জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণে তখন ১২টি ইউনিট কাজ করছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার আশাও প্রকাশ করেন তিনি।
এদিকে ওষুধ কারখানায় আগুনের ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।